সময়ের জনমাধ্যম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

Last Updated on 27 seconds by zajira news

ধর্ম ডেস্ক, জাজিরা নিউজ: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার (২৫ মে)। এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা। কেউ কাবা শরিফ তাওয়াফে, কেউ নফল ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন।

আজ রোববার (২৪ মে) এশার নামাজের পরই হাজিরা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। মিনায় যাওয়ার আগে মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করবেন।

৮ জিলহজ সোমবার মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার (২৬ মে) ৯ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজিরা। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হজের খুতবা।

এ বছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন ১০ জিলহজ, বুধবার (২৭ মে) জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি করবেন তারা।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৫ থেকে ১৮ লাখ মানুষ হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।