Last Updated on 25 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ জন্য স্বাস্থ্য পরীক্ষার অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ চলতি মাসের শেষ নাগাদ কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। বিকেল সোয়া চারটায় অধিবেশন শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীকে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। এই অতিরিক্ত খরচের অবসান কবে হবে এবং কবে থেকে স্বাস্থ্য পরীক্ষা ও কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার মধ্যে কর্মীদের বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে আলাদা সংসদীয় কমিটি গঠনের সম্ভাবনা নিয়েও জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় যাওয়ার জন্য কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা সোমবার প্রকাশ করা হবে। তাঁর প্রত্যাশা, আগামী সপ্তাহের শেষ ভাগ থেকে চলতি মাসের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত অঙ্কের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করলে কিংবা সরকারি নিয়মের বাইরে অনিয়মে জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়।
এরপর বাংলাদেশের একমাত্র সরকারি জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং ২৫টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে প্রসেসিং বা সার্ভিস এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এই অনুমোদিত এজেন্সিগুলো নিজস্ব উদ্যোগে মালয়েশিয়ার নিয়োগকর্তা খুঁজতে পারবে। পাশাপাশি নিয়োগকর্তাদের কাছ থেকে কর্মী চাহিদাপত্র সংগ্রহ, বাংলাদেশে কর্মী বাছাই এবং প্রচলিত নিয়ম মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগও পাবে তারা।

