Last Updated on 36 seconds by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকার কয়েকটি আবাসিক ভবনে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন।
জোহর রাজ্য অভিবাসন বিভাগ ও মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ২০ থেকে ৫৬ বছর বয়সী ৫৪৩ জন বিদেশির পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাই শেষে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০৫ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিক বলে জানান তিনি।
প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন বিধান ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে অনেকের কাছেই কোনো পরিচয়পত্র বা বৈধ ভ্রমণ নথি ছিল না। আবার কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়ায় থাকার অনুমোদিত সময়সীমা পেরিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
আটক ২০৫ জনকে পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোহরের সেটিয়া ত্রোপিকায় অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে, জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর এক বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের উপস্থিতি রয়েছে—এমন চিহ্নিত এলাকাগুলোতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে স্থানীয়দের কাছ থেকে বিশৃঙ্খলা, জনদুর্ভোগ কিংবা আবাসিক পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ এলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ঘোষিত ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের জন্য নিরাপদ ও বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলা। যাতে তাঁরা নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারেন।
এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলেও জানান তিনি।
জননিরাপত্তা বজায় রাখা, আবাসিক এলাকার পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি নিয়মিত চালিয়ে যাওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


