সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি

Last Updated on 5 hours by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। এরই অংশ হিসেবে সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের নেতৃত্বে সাতটি সরকারি সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জালান মাকমুর ২৫/৬৪ এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে চালানো অভিযানে কয়েক শ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর অনেক বিদেশি কর্মী দোকানপাটের সারি ও ভবনগুলোর মাঝখানের সরু পথ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগে থেকেই সম্ভাব্য বের হওয়ার পথগুলো ঘিরে রাখায় তাঁদের অনেকেই পালাতে পারেননি।

অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ অভিবাসন নথি না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবস্থান করা এবং পাস বা কর্মানুমতির শর্ত ভঙ্গকারীদের লক্ষ্য করেই অভিযানটি চালানো হয়েছে।

তিনি বলেন, অভিযানে মোট ৮৩১ জন বিদেশির পরিচয় ও কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৪৮৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত ও আইনি কার্যক্রম পরিচালনার জন্য অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতি অপব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। লোকমান এফেন্দি জানান, কয়েকজন বিদেশি শ্রমিকের নির্মাণ খাতে কাজের অনুমতি থাকলেও তাঁদের রেস্তোরাঁয় কাজ করতে দেখা গেছে। নির্ধারিত কর্মক্ষেত্রের বাইরে কাজ করা অভিবাসন আইনের লঙ্ঘন। একইভাবে যথাযথ খাতের অনুমতি ছাড়া তাঁদের নিয়োগ দেওয়া নিয়োগকর্তারাও আইন ভঙ্গ করেছেন।

তিনি আরও জানান, রেস্তোরাঁয় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে সেবা খাতের বৈধ কর্মানুমতি নিশ্চিত করতে হবে। নিয়ম না মানলে কর্মীর পাশাপাশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী। তাঁদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে। জাতীয়তা অনুযায়ী আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ১৫২ জন, নেপালের ১১৫, মিয়ানমারের ৯৯, ভারতের ৬৫, ইন্দোনেশিয়ার ৪৩, পাকিস্তানের ১১ এবং শ্রীলঙ্কার চারজন।

অভিযানে অভিবাসন বিভাগ ছাড়াও মালয়েশিয়ার রাজকীয় পুলিশ, সাধারণ অভিযান বাহিনী, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, মাদকবিরোধী সংস্থা, কোম্পানি কমিশন এবং শাহ আলম সিটি কাউন্সিলের ২৫৪ জন কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করেন।

এদিকে অভিযানের সময় মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। পাশাপাশি তদন্তের প্রয়োজনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের কাছে সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য পাঁচটি নোটিশ পাঠিয়েছে অভিবাসন বিভাগ।

লোকমান এফেন্দি বলেন, তদন্তে কোনো প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক ৪৮৯ জনকে অধিকতর তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সেমেনিয়েহ অভিবাসন আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এর আগে ৩৪ কারখানায় অভিযানে আটক ৫১৯ বিদেশি

এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় ৩৪টি কারখানায় একযোগে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। তিন দিনের এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়েছিল।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, দেশজুড়ে পরিচালিত ওই অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। তাঁদের সঙ্গে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক ছিলেন। তাঁদের বয়স ছিল ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

ওই অভিযানে সেলাঙ্গরের ক্লাংয়ের মেরু এলাকায় একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানে ১৩১ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে ৭১ জন বিদেশি নাগরিককে আটক করেন কর্মকর্তারা।