সময়ের জনমাধ্যম

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

গোলের পর সতীর্থদের নিয়ে ইব্রাহিমের (২৭ নম্বর জার্সি) গোল উদযাপন। ছবি: সংগৃহীত

Last Updated on 1 day by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: ম্যাচের সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল বাংলাদেশের চাপ। ঘরের মাঠে গোলের দেখা না পাওয়ায় সমর্থকদের অপেক্ষাও দীর্ঘ হচ্ছিল। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটে গোল করেন ইব্রাহিম। জামাল ভূঁইয়ার বদলি হিসেবে মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পর বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। তাঁর গোলেই উচ্ছ্বাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়াম।

গোলের আগে একাধিক সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে আক্রমণভাগের খেলোয়াড়রা সেগুলো কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন বিশ্বনাথ।

৩৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। এর আগে জটলার মধ্যে থেকে নেওয়া একটি শটও পোস্টের বাইরে চলে যায়। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ইব্রাহিমের কার্যকর ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় দলের।

যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটে কর্নার থেকে সাদ উদ্দিন হেড করার চেষ্টা করলেও বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

সাদ উদ্দিনের ওই সুযোগ হাতছাড়া হলেও ইব্রাহিমের একমাত্র গোলে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।