সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত পাঠানোর আহ্বান

Last Updated on 2 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক ।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডিটেনশন অ্যান্ড ডিপো ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক রোসমালিজা বিনতি মোহাম্মদ রশিদের সাথে এই দ্বিপাক্ষিক সভায় মিলিত হন। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

সভায় ডিটেনশন সেন্টারগুলোতে আটক বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ প্রতিনিধিদল আটক প্রবাসীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণে মালয়েশীয় কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া ডিটেনশন ক্যাম্পগুলোর সাথে হাইকমিশনের তথ্য আদান-প্রদান ও সমন্বয় বৃদ্ধির ওপর বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আটক বাংলাদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে স্বল্পতম সময়ের মধ্যে প্রত্যাবাসন নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা জোরদারের আহ্বান জানায় হাইকমিশন।

মালয়েশীয় কর্তৃপক্ষ এই প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়ে জানায়, প্রবাসীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে এবং অন্যান্য মানবিক সহায়তার ক্ষেত্রে তারা হাইকমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) ও হেড অব চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য, মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রাব্বানী, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম।

উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।