সময়ের জনমাধ্যম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

Last Updated on 17 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও প্রবাসজীবনের নানা অধ্যায় পেরিয়ে এখন দেশের সরকারপ্রধানের দায়িত্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (২০ নভেম্বর) তাঁর জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন পালন করছেন তিনি।

১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক পরিবারের সদস্য হলেও তাঁর রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তৃণমূল পর্যায় থেকে। দীর্ঘ পথপরিক্রমায় বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে তাঁর শিক্ষাজীবনের সূচনা। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। ওই সময় বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। সে সময় কারাগারে তাঁর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেই দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন।

২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবনে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তাঁর বক্তব্য ও কর্মকাণ্ডে গুরুত্ব পায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরার পথ তৈরি হয় তাঁর জন্য। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দেশে ফিরে দলকে নির্বাচনের জন্য সংগঠিত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সক্রিয় হন তিনি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

জন্মদিনে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলীয় চেয়ারম্যানের জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।