সময়ের জনমাধ্যম

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Last Updated on 2 mins by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন স্মরণীয় জয় পেলেন টাইগাররা।

বাংলাদেশ দল জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে।

তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, পরের টেস্টেও দল ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।

উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষারও অবসান হলো। ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফরে এসে প্রথম টেস্টেই স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।