সময়ের জনমাধ্যম

মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ মরদেহ উদ্ধার

Last Updated on 11 months by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১৪ অক্টোম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুন লাগা পোশাক কারখানার দুটি তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইডের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। রাসায়নিকগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে।