Last Updated on 3 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের গেইটে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। এরআগে রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। মার শয্যাপাশে দীর্ঘ সময় ছিলেন তিনি বলে জানান ডা. জাহিদ।
এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ভর্তি হওয়ার পরে উনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। কেবিন থেকে সিসিইউ, সিসিইউতে থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। কিন্তু উনার অবস্থান অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকদের চিকিৎসা এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি যাতে এই সংকটটা উতরিয়ে যেতে পারেন, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো।
খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন জানিয়ে তিনি বলেন, উনার (খালেদা জিয়) সুস্থতার জন্য রাব্বুল আলামিন কাছে দোয়া করবেন।
তারেক রহমান এবং উনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে৷ সেই দোয়া সব সময় দেশের মানুষ করছেন। সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডাক্তার ও নার্সরা সব সময় দায়িত্ব পালন করেছেন, সেজন্যও উনি ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি জানান, এই হাসপাতালে ভর্তিকৃত কোন রোগির চিকিৎসার যেনো কোনো ধরণের ব্যঘাত না হয়, সেজন্য তিনি (তারেক রহমান) দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।
গত ২৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবণতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে(সিসিইউ) নিয়ে চিকিৎসা দেয়া হয়।


