Last Updated on 6 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) বাক্যটি। একইসঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার নকশায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।
নতুন ডিজাইনে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি, দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শনের জলছাপ (ওয়াটারমার্ক)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এতথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, পাসপোর্টের নিরাপত্তা বৈশিষ্ট্য ও নান্দনিকতা বাড়াতে ভেতরের পাতার প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করা হবে। নতুন নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য চূড়ান্ত হলে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, নতুন পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইস ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ (এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ) বাক্যটি। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে এ বাক্যটি ছিল।
তবে কয়েক বছর আগে ই-পাসপোর্ট চালুর সময় তা বাদ দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং অতীতেও ছিল না। নতুন সিদ্ধান্তের মাধ্যমে আগের অবস্থানে ফিরে যাচ্ছে সরকার।
পাসপোর্টের নতুন নকশায় দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি ছাড়াও বিভিন্ন স্থাপনা, স্মৃতিচিহ্ন ও ঐতিহ্যবাহী উপাদান ওয়াটারমার্ক হিসেবে যুক্ত করার কাজ চলছে।


