সময়ের জনমাধ্যম

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

Last Updated on 3 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইরাক ও ইরানের মতো দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা ‘উচিত হয়নি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, নয় মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ না করলে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

ইরাক ও ইরানের যুদ্ধে জড়ানোকে একটি ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ইরাকের দিকে তাকান, আমাদের কত বড় ক্ষতি হয়েছে। আমরা কী যে এক বোকামি করেছি ! আমাদের আসলে প্রথমেই সেখানে যাওয়া উচিত হয়নি।’

‘আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, কিন্তু ইরানের সেই (পারমাণবিক) সক্ষমতা রয়েছে’, যোগ করেন তিনি।

ইরানে মার্কিন হামলার সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, ‘নয় মাস আগে আমরা যদি বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর আঘাত না হানতাম, তবে তাদের হাতে এখন পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো আজ ইসরায়েল থাকত না, এমনকি মধ্যপ্রাচ্যেরও কোনো অস্তিত্ব থাকত না; তারপর সেখান থেকে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকত?’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইরানের সেনাবাহিনীকে ধ্বংস করেনি।

ট্রাম্প বলেন, ‘তাদের সামরিক বাহিনীকে আমরা এক রকম স্পর্শ করিনি, কারণ আমরা মনে করি তাদের সেনাবাহিনী কিছুটা নমনীয়। তাদের অন্য কিছু লোক আছে যারা নমনীয় নয়, আমরা তাদের খতম করেছি। আমরা নেতৃত্বের বিভিন্ন অংশকে সরিয়ে দিয়েছি, কিন্তু তাদের সামরিক বাহিনীকে স্পর্শ করিনি।’

ট্রাম্প আরও বলেন, ‘মানুষ এটি শুনে অবাক হবে, কারণ যুদ্ধে যখন আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেবেন, তখন এক ধরনের ভুল করা হয়; যার ফলে সেই দেশটি পরবর্তী ৪০ বছরেও নিজেকে পুনর্গঠন করতে পারে না।’ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অসাধারণ চুক্তি’ করতে যাচ্ছে। আর সেটি না হলে ‘আমরা স্রেফ ফিরে গিয়ে ওদের সামরিকভাবে শেষ করে দেব’।

তবে তিনি চুক্তি করে ‘অসংখ্য জীবন রক্ষা করতেই’ আগ্রহী বলে মন্তব্য করেন ট্রাম্প। চুক্তি ‘সই করার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে দিতে পারব’ বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের নেতারা দরকষাকষিতে ‘অত্যন্ত দক্ষ’। তবে যুক্তরাষ্ট্র যা চায়, ধীরে ধীরে তা আদায় করে নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘এতে লম্বা সময় লাগবে। আমার কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো করলে ভালো চুক্তি করতে পারব না। আর ধীরে ধীরে এগোলেও আমরা যা চাই, সেটি নিশ্চিতভাবেই পাচ্ছি। আর আমরা যা চাই, সেটি না পেলে অন্যভাবে শেষ করব।’