সময়ের জনমাধ্যম

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের অগ্নিকাণ্ড

Last Updated on 27 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: আট মাসের মাথায় ফের আগুনে পুড়ল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ।

শুক্রবার (০৬ জুন) রাত ১১টার ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেইটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে শাহজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ শুরু করে।

এরপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট এবং বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান রাত দেড়টার দিকে সাংবাদিকদের বলেন, রাত ১১ টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়।

বিমানবন্দরের কার্গো ভিলেজের যে অংশে কুরিয়ার সার্ভিসগুলো কাজ করে, সেখানে একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত হয়। এর আগে গত অক্টোবরেও কুরিয়ার সার্ভিসের অংশেই (খাঁচায়) আগুন লেগেছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, “বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের ওখানে একটি কন্টেইনারের ভিতরে এবং পাশে আগুনের সূত্রপাত হতে দেখা যায় রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে।

“আগুনটা রিপোর্ট হওয়ার সাথে সাথেই আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে গাড়ি এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।”

এই কর্মকর্তা বলেন, “এখন কোনো আগুন নেই। তবে সম্ভাব্য অন্য কোনো সূত্র থেকে আগুন আসছে কিনা সেগুলো দেখার চেষ্টা চলছে।” অগ্নিকাণ্ডের এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় কোনো সমস্যা হয়নি বলে রাগীব সামাদ জানান।

এর আগে গত বছরের অক্টোবরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট তখন আগুন নেভাতে কাজ করে। সেই আগুন পুরোপুরি নেভাতে ২৭ ঘণ্টা লেগে যায়।