সময়ের জনমাধ্যম

পবিত্র আশুরা আজ

Last Updated on 3 hours by zajira news

ধর্ম ডেস্ক, জাজিরা নিউজ: আজ শুক্রবার (২৬ জুন) মহরমের ১০ তারিখ, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে আশুরা এক অসামান্য বরকত-মাহাত্ম্য-তাৎপর্যে উদ্ভাসিত অনন্য দিন। ইবাদত-বন্দেগির জন্যও এ দিবস অতুলনীয়। সবকিছু ছাপিয়ে কারবালার মর্মন্তুদ সকরুণ শোকগাথা এ দিবসকে গভীর কালো রেখামালায় উৎকীর্ণ করে রেখেছে।

৬১ হিজরি সালের এই দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে ফোরাত নদীর পাড়ে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন।

পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও মর্মস্পর্শী বিয়োগাত্মক-শোকাবহ বিষাদময় দিন। এই ঐতিহাসিক দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন।

এ দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। তাই তিনি এ দিন রোজা পালনকারীদের বহুগুণ সওয়াব প্রদান করে থাকেন। হাদিসে মহরমকে ‘শাহরুল্লাহ’ বা ‘আল্লাহর মাস’ বলা হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে মহরম মাস সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে ।

যেমন এ মাসে বিয়েশাদি না করা, নতুন ঘরবাড়ি নির্মাণ না করা, মাংস না খাওয়া ও নিরামিষ আহার করা, নতুন কাপড় ও সুন্দর পোশাক পরিধান না করা, সব ধরনের আনন্দ-উৎসব পরিহার করা—এসবই কুসংস্কার।

আশুরার দিন বিশেষ করে মিষ্টি, খিচুড়ি বা হালুয়া রান্না করা এবং তা খাওয়া বা বিতরণ করাকে অনেকে জরুরি বা সওয়াবের কাজ মনে করেন, যা সম্পূর্ণ মনগড়া। আশুরার দিন চোখে সুরমা লাগালে চোখ ভালো থাকে বা সওয়াব হয়—এমন কোনো প্রমাণ নেই।

কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে অনেকে নিজেদের শরীরে আঘাত করে বা রক্তপাত ঘটিয়ে শোক প্রকাশ করেন, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আশুরার দিনের একমাত্র সহিহ আমল হলো রোজা রাখা।

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের বাণীতে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

এ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলসমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সংবাদপত্রসমূহ বিশেষ প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করেছে। পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সংবাদপত্র অফিসসমূহে ছুটি থাকবে। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামি ফাউন্ডেশন আলোচনার আয়োজন করেছে।