Last Updated on 2 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আগামী ৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ১৬ দলের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু’। আগামী ১২ জুলাই পর্যন্ত কুয়ালালামপুরের একাধিক মাঠে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠন ‘লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাব’-এর সভাপতি ও প্রধান সমন্বয়ক আজিজুল হাকিম।
সংবাদ সম্মেলনে তিনি একটি মানবিক উদ্যোগের কথা তুলে ধরে জানান, মালয়েশিয়ার কারাগার থেকে দেশে ফিরতে অসহায় দুই প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিমানের টিকিট দেবে তাদের সংগঠন।
ক্রীড়ামোদী প্রবাসীদের এই মিলনমেলায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং রানার-আপ দলের জন্য ৯৬ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ, যা আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএফসি’র সভাপতি আব্দুল মোবিন ভুইয়া, কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন এবং এ আর ওয়ান মিনি মার্কেটের পরিচালক মো. রুবেল আলী ও তার মালয়েশিয়ান স্ত্রী সিতি আইশা।
এছাড়া একলাস মিয়া, আলি আজগর মিলন, সাদ্দাম হোসেন, মো. সুমন, নাঈম ইসলাম, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ মিঠুন, হিমেল, বেলাল হোসেন, আজমাইন ও সাইফুল ইসলামসহ টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা সেখানে উপস্থিত ছিলেন।

