সময়ের জনমাধ্যম

চাকরির প্রলোভনে ভারতে পাচার, পুনের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

ছবি: এআই সম্পাদিত

Last Updated on 26 seconds by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভারতে ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে নিয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের পুনে শহরের একটি যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তাঁদের জোরপূর্বক যৌনপেশায় নিয়োজিত করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আরও দুজন পলাতক রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার (২৮ অক্টোম্বর) ভোরে পুনের বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই ছয় নারীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুনের ফারাসখানা পুলিশ। তাঁদের বিরুদ্ধে নারীদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজনকে এখনো আটক করা সম্ভব হয়নি।

গোপন তথ্যের ভিত্তিতে পুনের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই যৌনপল্লিতে অভিযান পরিচালনা করে। সেখান থেকেই ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া নারীদের প্রায় চার মাস আগে বাংলাদেশ থেকে পুনেতে নেওয়া হয়েছিল। তাঁদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। নারীদের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকজন দালাল মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাঁদের সীমান্ত পার করায়। পরে পুনেতে এনে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়।

এর আগে চলতি বছরের মার্চেও পুনের বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লি থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল নগর পুলিশ। সে সময়ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে নিয়ে জোরপূর্বক যৌনপেশায় বাধ্য করার অভিযোগ উঠেছিল।