Last Updated on 2 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন এর ৯ আরোহী।
বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্ঘটনার খবর নিশ্চিত করে একে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।
দুর্ঘটনার তদন্তে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডকে সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান তিনি।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস সাংবাদিকদের বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
তাঁর ভাষায়, বিমানটিকে ‘মনে হচ্ছিল যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে’। এতে রাস্তার পাশে বড় একটি গর্ত তৈরি হয়েছে। তবে ভূমিতে থাকা কেউ হতাহত হননি বলে জানান তিনি।
উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা লাইভএটিসি ডট নেটের সংগ্রহ করা ককপিটের কথোপকথনে শোনা যায়, বিমানটি দ্রুত উচ্চতা হারানোর আগে পাইলট নিয়ন্ত্রণযোগ্য বরফ জমার সমস্যার কথা উল্লেখ করেছিলেন। এরপর আতঙ্কিত ক্রুদের বলতে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটিকে খাড়া কোণে দ্রুত নিচে নেমে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। এরপর ঘটে বড় বিস্ফোরণ।
বিমানটি বাহামাসের উদ্দেশে যাত্রা করলেও এতে কারা ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

