Last Updated on 45 mins by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। এ পরিস্থিতিতে খাতটির শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে শুরু হয়। বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারক আজাদ সুবহানী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোর্ডের সভার নোটিশে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরির হার সুপারিশ করার উদ্দেশ্যে বৈঠকটি আহ্বান করা হয়েছে।
সভায় শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব হওয়ার কথা রয়েছে। এরপর পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিবিধ বিষয়ও সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে সরকার গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে।
এর আগে বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।

