সময়ের জনমাধ্যম

জেনসেন হুয়াংয়ের পদত্যাগ, অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস: এনভিডিয়ার নেতৃত্বে কারা আলোচনায়?

জেনসেন হুয়াংয়ের সঙ্গে রয়টার্সের শনাক্ত করা অ্যালিস হুয়াং (২২ মে ২০২৫) তাইপেতে এক নৈশভোজে । ছবি: সংগৃহীত

Last Updated on 2 mins by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিতর্কের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়েছেন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং।

তাঁর পদত্যাগের পর প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী সিইও নিয়োগের জন্য ভেতরের ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করছে পরিচালনা পর্ষদ।

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বাজারের আনুমানিক ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে এনভিডিয়া। ফলে প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় নিরাপত্তার আলোচনাতেও গুরুত্ব পেয়েছে।

যে প্রেক্ষাপটে পদ ছাড়লেন হুয়াং

বৃহস্পতিবার পদত্যাগের আগে কয়েক দিন ধরে ব্যক্তিগত সম্পর্ক এবং সম্ভাব্য জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে সমালোচনার মুখে ছিলেন ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। গত রোববার তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করে পরিবারের সদস্যদের পাশাপাশি এনভিডিয়ার কর্মীদের কাছেও ক্ষমা চান।

তাইওয়ানে জন্ম নেওয়া হুয়াং শৈশবেই যুক্তরাষ্ট্রে চলে যান। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার আগ থেকেই স্ত্রী লরির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।

শুরুতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের প্রতি সমর্থন জানায়। গত রোববার দেওয়া এক বিবৃতিতে তাঁর নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে পর্ষদ। একই সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য লক্ষ্যবস্তু হওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো যাচাই করতে স্বাধীন তদন্ত শুরুর কথা জানানো হয়।

তবে বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুয়াংকে প্রধান নির্বাহীর পদ থেকে সরানো হবে কি না, তা নিয়ে পরিচালনা পর্ষদ বৈঠক করেছে। এনভিডিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিম্বার্লি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের নতুন অভিযোগ সামনে আসার পর ওই বৈঠক হয়। পাওয়েল সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন।

এর পরদিনই হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা আসে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়ান তিনি। এতে প্রধান নির্বাহী হিসেবে তাঁর ৩৩ বছরের অধ্যায়ের অবসান ঘটে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এনভিডিয়া।

এক বিবৃতিতে পরিচালনা পর্ষদ হুয়াংয়ের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দিয়ে জানায়, এনভিডিয়ার প্রতি তাঁর অবদান অপরিসীম। প্রতিষ্ঠান ও প্রযুক্তিশিল্পে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করে পর্ষদ।

ব্যক্তিগত অভিযোগ থেকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন

হুয়াংয়ের বিরুদ্ধে প্রথম যে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে, তা সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংকে ঘিরে। অভিযোগ রয়েছে, তিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।

এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে চীনের কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির পক্ষে হুয়াংয়ের অবস্থানের কারণে বিষয়টি আরও গুরুত্ব পায়।

বুধবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ প্রকাশিত হয়। এ অভিযোগের ফলে প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে প্রধান নির্বাহীর সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়েও প্রশ্ন ওঠে।

এদিকে চীনে যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপ রপ্তানি নিয়ে ওয়াশিংটনে আগে থেকেই বিতর্ক চলছে। হুয়াং দীর্ঘদিন ধরে চীনের কাছে এনভিডিয়ার চিপ বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে অবস্থান নিয়েছেন।

২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দেন। তবে এসব চিপ চীনের এআই সক্ষমতা বাড়াতে পারে—এমন আশঙ্কা রয়েছে। চীনের বাজারের জন্য আগে সরবরাহ করা এইচ২০ মডেলের তুলনায় এইচ২০০ চিপ প্রায় ছয় গুণ বেশি শক্তিশালী।

তবে রপ্তানির অনুমোদনের সঙ্গে কয়েকটি শর্তও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পরিদর্শন, চালানের পরিমাণ সীমিত রাখা, সামরিক কাজে ব্যবহার নিষিদ্ধ করা এবং ২৫ শতাংশ শুল্ক আরোপ।

আল-জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভাইদের তথ্য অনুযায়ী, চীনা প্রতিষ্ঠানগুলো ২০ লাখের বেশি এইচ২০০ চিপের অর্ডার দিয়েছে। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য ৫৪ বিলিয়ন বা ৫ হাজার ৪০০ কোটি ডলার। তবে তিনি স্পষ্ট করেছেন, এগুলো কেবল অর্ডার; এখনো বিক্রি সম্পন্ন হয়নি।

সমালোচকদের আশঙ্কা, উন্নত এসব চিপ চীনের এআই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্ষমতার ব্যবধান কমাতে সহায়তা করতে পারে।

হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র বা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁসের সুযোগ তৈরি হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে। তবে বিন জাভাইদ জানিয়েছেন, হুয়াং ইচ্ছাকৃতভাবে বেইজিংকে সহায়তা করেছেন কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়েছে—এমন কোনো প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদও বলেছে, জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার মতো কোনো তথ্য তাদের কাছে নেই।

কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস (জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর) । ছবি : সংগৃহীত

কে এই কোলেট ক্রেস?

২০১৩ সালের সেপ্টেম্বর থেকে এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কোলেট ক্রেস। প্রতিষ্ঠানটির ব্যবসা ও কার্যক্রম বড় হওয়ার পুরো সময়জুড়ে তিনি আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব সামলেছেন।

তাঁর দায়িত্বকালে এনভিডিয়ার বার্ষিক আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। ২০২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোসফট ও সিসকোর অর্থ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ক্রেস। ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি।

ফোর্বসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিজ প্রচেষ্টায় ধনী হওয়া নারীদের মধ্যে অন্যতম কোলেট ক্রেস।

অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, গত ৩৩ বছরে জেনসেন হুয়াং যে শক্ত ভিত্তি তৈরি করেছেন, সেটির ওপর দাঁড়িয়েই এনভিডিয়াকে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করছেন তিনি।

স্থায়ী সিইও পদে যাঁদের নাম আলোচনায়

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের জন্য অনুসন্ধান শুরু হয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকর্তা এবং বাইরের সম্ভাব্য প্রার্থী—উভয় পক্ষকেই বিবেচনায় রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংয়ের উত্তরসূরি হিসেবে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুকের নাম প্রস্তাব করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে হুয়াংয়ের কাজের প্রশংসা করে ট্রাম্প লেখেন, ‘এক কিংবদন্তির স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক কিংবদন্তি।’

গত সেপ্টেম্বরে অ্যাপলের প্রধান নির্বাহীর পদ ছেড়ে বর্তমানে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কুক।

তবে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক রিতেশ কোটাকের মতে, এনভিডিয়ার পরবর্তী প্রধান নির্বাহী কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল পরিচালনা পর্ষদের। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্তটি পর্ষদের ওপরই নির্ভর করবে।

কোটাকের ভাষ্য, অ্যাপল ও এনভিডিয়ার ব্যবসায়িক কাঠামো এক নয়। অ্যাপল মূলত ভোক্তাদের জন্য প্রযুক্তিপণ্য তৈরি ও বিক্রি করে। অন্যদিকে এনভিডিয়ার চিপের ওপর এআইশিল্পের বড় একটি অংশ নির্ভরশীল। এদিকে টিম কুক এনভিডিয়ার প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে আগ্রহী—এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রযুক্তি খাতের পর্যবেক্ষকদের আলোচনায় উঠে এসেছে সাতটি নাম।

১. কোলেট ক্রেস: এনভিডিয়ার বর্তমান সিএফও। দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং ওয়াল স্ট্রিটের সঙ্গে সুসম্পর্কের কারণে সংকটের সময়ে প্রতিষ্ঠানকে পরিচালনার ক্ষেত্রে তাঁকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

২. ইয়ান বাক: এনভিডিয়ার হাইপারস্কেল অ্যান্ড হাই-পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট। ২০০৪ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। ভিডিও গেমের চিপ নির্মাতা থেকে এনভিডিয়াকে এআই হার্ডওয়্যারের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত করার প্রযুক্তিগত অগ্রযাত্রায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

৩. রেনে হাস: চিপ নকশাকারী প্রতিষ্ঠান আর্মের প্রধান নির্বাহী। এর আগে এনভিডিয়ায় সাত বছর কাজ করেছেন তিনি। এ সময়ে ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

৪. হার্ভে জোন্স: হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার ইতিহাসে প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগ থেকেই তিনি পর্ষদের সদস্য। নিরীক্ষা এবং মনোনয়ন ও করপোরেট সুশাসনবিষয়ক কমিটিতেও তাঁর দায়িত্ব রয়েছে।

৫. লিসা সু: এনভিডিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডির প্রধান নির্বাহী। তাঁকে এনভিডিয়ার দায়িত্ব দেওয়া হলে তা এএমডির জন্য বড় ধাক্কা হতে পারে।

৬. সঞ্জয় মেহরোত্রা: মেমোরি চিপ নির্মাতা মাইক্রনের প্রধান নির্বাহী। সেমিকন্ডাক্টর খাতে চার দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। এনভিডিয়ার সঙ্গে কাজের সম্পর্কও রয়েছে, কারণ প্রতিষ্ঠানটি মাইক্রনের পণ্য ব্যবহার করে।

৭. টিম কুক: ২০১১ সালে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর কিছুদিন আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেন তিনি। ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবের পর সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নামও আলোচনায় এসেছে।

হুয়াংয়ের বিদায়ে প্রযুক্তি খাতে উদ্বেগ

হুয়াংয়ের পদত্যাগের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে আল-জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানান, এনভিডিয়ার এই সহপ্রতিষ্ঠাতার পক্ষে ট্রাম্প শক্ত অবস্থান নিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের চীন সফরেও তাঁর সফরসঙ্গী ছিলেন হুয়াং।

ট্রাম্প দাবি করেছেন, সন্দেহভাজন গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগের বিষয়টি তিনি সম্প্রতি জানতে পেরেছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চীন সফরের আগেই তাঁকে এ বিষয়ে অবহিত করা হয়েছিল। এ কারণে কখন এবং কীভাবে তিনি অভিযোগের কথা জেনেছেন, তা নিয়ে প্রেসিডেন্টকে আরও প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে বলে মনে করছেন অ্যালান ফিশার।

অন্যদিকে, হুয়াংয়ের বিদায়ে এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষক রিতেশ কোটাক বলেন, নব্বইয়ের দশকের শুরু থেকে হুয়াংই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর মতো ব্যক্তিত্বের শূন্যস্থান পূরণ করা সহজ হবে না।

কোটাকের আশঙ্কা, নেতৃত্বের এই পরিবর্তন এনভিডিয়ার কর্মী ও গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে। তাঁর মতে, এ মুহূর্তে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

এনভিডিয়ার অধিগ্রহণের অপেক্ষায় থাকা এআই প্রতিষ্ঠান হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমেন্ট ডেলাং হুয়াংয়ের পদত্যাগের পর ওপেন-সোর্স এআইয়ের প্রতি তাঁর প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এ ছাড়া বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধান নির্বাহী লয়েড ব্ল্যাঙ্কফেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে হুয়াংয়ের বিদায়ে দুঃখ প্রকাশ করেন। তিনি ঘটনাটিকে শেকসপিয়ারের বিয়োগান্তক নাটকের সঙ্গে তুলনা করেন। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শার্ল দ্য গলের একটি উক্তি উল্লেখ করে তিনি লেখেন, ‘কবরস্থানগুলো এমন সব মানুষে ভরা, যাঁদের একসময় অপরিহার্য মনে করা হতো।’

হুয়াংয়ের পদত্যাগের প্রভাব শুধু এনভিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বৃহত্তর এআই খাতেও এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এনভিডিয়া বিশ্বের অন্যতম প্রধান চিপ সরবরাহকারী হওয়ার পাশাপাশি এআই কম্পিউটিং অবকাঠামো তৈরি ও ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোতেও বড় অঙ্কের বিনিয়োগ করে থাকে।

আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনার অংশ হিসেবে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া।

একদিকে স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের চাপ, অন্যদিকে ওয়াশিংটনের বাড়তি রাজনৈতিক নজরদারি—দুই দিক থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ারবাজারে প্রভাব, তদন্তে মার্কিন আইনপ্রণেতারা

শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারদরেও বড় ধরনের ওঠানামা দেখা গেছে। গতকাল লেনদেনের এক পর্যায়ে কোম্পানিটির শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি কমে যায়। পরে অবশ্য কিছুটা পুনরুদ্ধার হয়।

একই দিন যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলোও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করে। নিউইয়র্ক থেকে আল-জাজিরার সাংবাদিক ক্রিস্টেন স্যালুমির ধারণা, বিনিয়োগকারীরা এই বিতর্কের প্রভাবে অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের শেয়ারে অর্থ সরিয়ে নিতে পারেন।

এদিকে হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন দেশটির আইনপ্রণেতারা।