Last Updated on 6 hours by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত শুভ্রের বাবার নাম মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আফরিন আখতার গনমাধ্যমকে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।


