Last Updated on 32 seconds by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার একটি অভিবাসন আটককেন্দ্রে প্রায় ১১ বছর ধরে বন্দী রয়েছেন মোহাম্মদ শাহজামাল (৪০) নামে এক ব্যক্তি।
তবে তিনি বাংলাদেশের নাগরিক, নাকি মিয়ানমারের—এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁর পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়ার মতো নির্ভরযোগ্য নথি এখনো সামনে আসেনি।
গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজামালকে বাংলাদেশি নাগরিক দাবি করে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে বলা হচ্ছে, তিনি বাংলাদেশের বাসিন্দা হলেও মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভুলবশত তাঁর জাতীয়তা ও ঠিকানা মিয়ানমারের হিসেবে নথিভুক্ত করেছে। এ কারণে দেশে ফেরার প্রক্রিয়া জটিল হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন পোস্টদাতারা।
তবে তাঁর কাছে বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের মতো বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র নেই। শারীরিক গঠন দেখেও তাঁর প্রকৃত জাতীয়তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মোহাম্মদ শাহজামাল নামে কোনো ব্যক্তির বিষয়ে তাঁদের কাছে তথ্য নেই। দেশটির আটককেন্দ্র পরিদর্শনের সময়ও তিনি বাংলাদেশি কি না, কিংবা শাহজামাল নামে কাউকে শনাক্ত করার মতো কোনো তথ্য দূতাবাসের হাতে আসেনি।
শাহজামালের পরিচয় নিয়ে বিভ্রান্তির অন্যতম কারণ, তাঁর নামে পাওয়া দুটি ভিন্ন ঠিকানা। একটি নথিতে তাঁর ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে—গ্রাম: সুখের বাতি, থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম, বিভাগ: রংপুর।
অন্য একটি নথিতে তাঁর নাম লেখা হয়েছে ‘মোহাম্মদ শাহজামাল’। সেখানে বাবার নাম দেওয়া হয়েছে মো. বাছের আলী এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১৫ মার্চ ১৯৮৬। তবে ওই নথিতে তাঁর জাতীয়তা মিয়ানমার এবং ধর্ম ইসলাম হিসেবে লিপিবদ্ধ রয়েছে।
নথি অনুযায়ী, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ‘দেপোহ ইমিগ্রেসেন লাংকাপ’ (Depoh Imigresen Langkap) আটককেন্দ্রে রাখা হয়েছে তাঁকে। তাঁর পরনে থাকা পোশাকে মালয় ভাষায় ‘Tahanan Imigresen’ লেখা রয়েছে, যার অর্থ অভিবাসন কর্তৃপক্ষের আটক ব্যক্তি।
আটকসংক্রান্ত বিবরণে বলা হয়েছে, ২০১৬ সালের ১৭ আগস্ট মালয়েশিয়ার অভিবাসন আইন (Akta Imigresen) অনুযায়ী তাঁকে আটক করা হয় অথবা ওই আটককেন্দ্রে নেওয়া হয়। এর আগে ২০১৬ সালের ১৮ জুন তাঁর ইমিগ্রেশনসংক্রান্ত প্রতিবেদন বা নথির জন্য একটি ফাইল নম্বর তৈরি করা হয়েছিল।
সব মিলিয়ে, পাওয়া নথিগুলো মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে থাকা একজন বিদেশি নাগরিকের সরকারি পরিচিতি ও আটকসংক্রান্ত তথ্য নির্দেশ করে। তবে মোহাম্মদ শাহজামাল প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক, নাকি মিয়ানমারের—তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই প্রয়োজন। সূত্র, নয়া দিগন্ত

