Last Updated on 33 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গনমাধ্যমকে জানান, অভিযান শেষে নুরুল ইসলাম নাহিদকে থানায় নেওয়া হয়েছে।
ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান নুরুল ইসলাম নাহিদ। পরবর্তী সময়ে টানা ১০ বছর তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

