সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

কারাদণ্ডের পাশাপাশি এইচ এম জসিম উদ্দিন চাঁদের পরিচালিত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

Last Updated on 37 seconds by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় তার হেফাজত থেকে বিদেশগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার পরিচালিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে পরিচালিত অভিযানে এ সাজা দেওয়া হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখতে পান, জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে ব্যবসা পরিচালনা করলেও প্রতিষ্ঠানটির পক্ষে কোনো বৈধ নিবন্ধন কিংবা লাইসেন্সের কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

কারাদণ্ডের পাশাপাশি এইচ এম জসিম উদ্দিন চাঁদের পরিচালিত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির পরিচয় ব্যবহার করে বিদেশে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিদেশে জনশক্তি রপ্তানির আড়ালে প্রতারণা চালানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ রাখতে অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, বিদেশে চাকরি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিবন্ধন ও অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। অনিবন্ধিত প্রতিষ্ঠান কিংবা মধ্যস্বত্বভোগীদের হাতে টাকা তুলে না দিয়ে সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করতে হবে। অন্যথায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।