Last Updated on 25 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছান সরকারপ্রধান।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন এবং জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী এবং উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
জাহিদুল ইসলাম রনি বলেন, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী পর্যায়ের মহড়া পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই যৌথ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নেবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সাল থেকে দ্বীপটিতে প্রশিক্ষণ মহড়া ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগে গত ৭ জুলাই মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন সামরিক মহড়া পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


