Last Updated on 58 mins by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই তাঁদের এলাকায় ফিরে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কথা বলেছেন তিনি। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার বিকেলে জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান। সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা। সভা পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে।
বৈঠকে গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ দিয়ে বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। একই সঙ্গে তাঁর আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি। নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পাওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের অতীত তুলে ধরে সভায় বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগ বিএনপিকে এক মিনিটের জন্যও শান্তিতে থাকতে দেবে না বলে ঘোষণা দিয়েছিল। দলটির রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের সেই অনুযায়ী মোকাবিলা করতে হবে।
বৈঠকে কয়েকজন সংসদ সদস্য প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, স্থানীয় পর্যায়ে অনেক কর্মকর্তা তাঁদের নির্দেশনা বা বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না।
প্রধানমন্ত্রীর আগে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের ধারাবাহিক উসকানি সত্ত্বেও সরকার এখন পর্যন্ত বাড়তি শক্তি প্রয়োগ করেনি। এ মুহূর্তেও অতিরিক্ত বল প্রয়োগের কোনো পরিকল্পনা নেই। তবে শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেসব স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, সেসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এস এম জিলানীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতিতে আবেগের চেয়ে আত্মবিশ্বাস ও দৃঢ়তার গুরুত্ব বেশি। জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই জনসমর্থনের শক্তি নিয়েই প্রত্যেককে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।
প্রশাসনের কর্মকর্তারা সংসদ সদস্যদের কথা শুনছেন না—এমন অভিযোগে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন বলে বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দলীয় এমপিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সরকারি দলের সংসদ সদস্য। আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। তারা আপনাদের কথা শুনতে বাধ্য।’
প্রশাসনের কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে সহযোগিতা না করলে বিষয়টি তাঁকে অবহিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য প্রথম আলোকে জানান, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় সংসদ সদস্যদের সরাসরি মাঠে থাকার বিষয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তাঁদের ভাষ্য, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে বিবেচনা করে রাজপথে থেকেই দলটির কর্মকাণ্ড মোকাবিলার কথা বলেছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ এলাকায় সক্রিয় থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বৈঠকে আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছিল, আর এখন মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে নাশকতা চালাচ্ছে। ক্ষমতা ধরে রাখতে দলটি মাত্র ১৫ দিনের মধ্যে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁদের মধ্যে অনেকে দৃষ্টিশক্তিও হারিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এমন কর্মকাণ্ডের পর জনগণ কেন আওয়ামী লীগকে আবার সমর্থন করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
বৈঠকে আরও বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন এবং এ বি এম মোশাররফ হোসেনসহ অন্যরা।

