Last Updated on 5 hours by zajira news
জেলা প্রতিনিধি, জাজিরা নিউজ: পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ এবং দুটি ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও রাজশাহীতেও সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব এলাকার মধ্যে গোপালগঞ্জ ও রাজশাহীতে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গোপালগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নাওডোবা এলাকায় ৭০০ থেকে ৮০০ মানুষ জড়ো হন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং সমর্থকেরা ছিলেন। একপর্যায়ে তাঁরা লগি-বইঠা নিয়ে টোল প্লাজার সামনের এক্সপ্রেসওয়েতে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এই অবরোধের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে ওই অঞ্চলের উদ্দেশে চলাচলকারী যানবাহন আটকে যায়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলের আশপাশে পদ্মা সেতু দক্ষিণ থানা, সেনানিবাস, সেতুর সার্ভিস এলাকা ও টোল প্লাজার মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এমন এলাকায় গভীর রাতে সড়ক অবরোধ ও বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা একযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সরিয়ে দেন।
নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফেসবুকে ১০ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এ কর্মসূচি ঘিরে আগের দিন থেকেই শরীয়তপুরের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের জড়ো হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় নাওডোবা এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পুলিশ। এর পর ওই এলাকায় শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাতের কর্মসূচিতে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরকে বক্তব্য দিতে দেখা যায়। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিএনপি কর্মসূচিতে বাধা দিলে তা প্রতিহত করা হবে।
মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ
মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার বিকেল পাঁচটার দিকে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়কে গাছ কাটার চেষ্টা করছিলেন। পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় তাঁরা সেখান থেকে সরে যান। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সদর উপজেলার কালিকাপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে মাথায় কাফনের কাপড় বেঁধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তাঁদের শপথ নেওয়ার দৃশ্যসংবলিত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, শপথের ভিডিওটি তিনি দেখেছেন। এতে অংশ নেওয়া সবার মুখ ঢাকা ছিল। তাঁদের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮
গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
সোমবার রাতে গোপালগঞ্জ জিলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট কার্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রবেশপথসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক আটকে দেওয়ার চেষ্টা করা হয়।
মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজের ফটক, পুরাতন মুকসুদপুরের আকিজ জুট মিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, রাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া সদর, কাশিয়ানী ও কোটালীপাড়ার বিভিন্ন স্থানে ছয়টি ককটেল ছোড়া হয়। সোমবার সন্ধ্যা সাতটা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি মোটরসাইকেল ও ১৫টি ককটেল জব্দ করা হয়।
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার তালমা থেকে ভাঙ্গার পুখুড়িয়া এলাকার মধ্যবর্তী সড়কে এ কর্মসূচি পালিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরীকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।
তামজীদুল রশিদ চৌধুরী হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, মিছিল শুরুর আগে তাঁরা ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করেছিলেন। এ সময় আটকে পড়া বাসের যাত্রী ও চালকদের কর্মসূচির কথা জানিয়ে সহযোগিতা চাওয়া হয়। তাঁর দাবি, তাঁরা কোনো ধরনের সহিংসতায় জড়াননি; পরে মহাসড়কে মিছিল করেন।
তবে নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। কিন্তু ঘটনাটি নগরকান্দার কোনো মহাসড়কের বলে তাঁর মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে সেটিকে নগরকান্দার ঘটনা হিসেবে দাবি করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহীতে টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ
রাজশাহীর অভয় মোড় এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়।
শাহ মখদুম থানার ওসি আকবর আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় রাতের বেলায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই থানার খড়খড়ি এলাকায় মঙ্গলবার ভোররাতে একটি মিছিল শেষে সড়কে টায়ার জ্বালানো হয়। এ ঘটনার একটি ভিডিও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাবি করা হয়েছে, এটি পবা উপজেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও সহযোগী সংগঠনের কর্মসূচি।
চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ছোটবনগ্রাম এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খড়খড়ি এলাকার মিছিলের ভিডিও সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে রাতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। সূত্র, প্রথম আলো

