Last Updated on 8 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৬৩ শিক্ষার্থী।
তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, সেখানে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন, আবার কেউ চিকিৎসা নিচ্ছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের দেখভাল করছেন কয়েকজন শিক্ষক।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার ক্ষত পাওয়া যায়নি। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় তাঁরা আক্রান্ত হয়েছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, লাইব্রেরির যে অংশে আগুনের সূত্রপাত, সেখানে তখন কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। তবে অগ্নিকাণ্ডের পর ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসার ভবনে একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়।


