সময়ের জনমাধ্যম

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

ফাইল ফটো

Last Updated on 3 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, থাইল্যান্ড যাওয়ার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গিয়েছিলেন আসলাম। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম গনমাধ্যমকে বলেন, সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের দায়িত্বে থাকা ডিবির কাছে হস্তান্তর করা হয় আসলামকে।

সুইডেন আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম শেখ জিন্নাত আলী।

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে আলোচিত নাম ছিল শেখ মো. আসলাম। চারদলীয় জোট সরকারের সময়ে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তাঁর নাম ছিল।

১৯৮৬ সালে রাজধানীর পূর্ব রাজাবাজারে ফার্মগেটের একটি স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর নাম আলোচনায় আসে। একপর্যায়ে তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন। পরবর্তী সময়ে দেশে ফিরে আসার পর তাঁর নামের সঙ্গে ‘সুইডেন’ পরিচিতিটি স্থায়ী হয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা যায়, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছেন আসলাম। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। এ ছাড়া একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। অস্ত্র আইনে করা দুটি মামলায় তাঁর যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে ওই মামলাগুলোতেও অব্যাহতি পান তিনি।

পুলিশের নথি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব হত্যাকাণ্ডের পর আসলামসহ ২০ জনকে আসামি করে মামলা করা হয়। পরের বছর ১৯৯৮ সালের ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এই মামলায় জামিন পাওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম।