Last Updated on 5 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাম্পুং মেলায়ু কেপং এলাকায় ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশন কমান্ডার মোহাম্মদ হাফিজান হাসান জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে জিনজাং ফায়ার স্টেশন থেকে আটজন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়।
তাঁরা দুপুর ২টা ৫৫ মিনিটে ৪ নম্বর, জালান ২এ/১ ঠিকানায় পৌঁছে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে ধসে পড়া মাটির নিচে একজন শ্রমিক আটকা পড়েছেন বলে জানতে পারেন উদ্ধারকর্মীরা।
এরপর অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় এবং একটি এক্সকাভেটর ব্যবহার করে মাটি সরানোর কাজ শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার অভিযান।
অবশেষে বিকেল ৫টা ১৪ মিনিটে মাটির নিচ থেকে ওই বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়।


