Last Updated on 15 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর কোনো নকআউট ম্যাচে জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম নকআউট ম্যাচে জয় দেখল স্পেন। সেই বিশ্বকাপেই শেষবার তারা নকআউটে জয় পেয়েছিল। এরপর তিনটি বিশ্বকাপ আসরে তাদের নকআউট ভাগ্য ছিল হতাশাজনক।
২০১৪ সালে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোতেই রাশিয়া ও মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় স্পেন।
চলতি বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করলেও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্পেন। নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। তবে পরবর্তী দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা।
শেষ ষোলোতে ওঠার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখাল স্পেন। ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল এবং একটি গোল করেন পেদ্রো পোরো। এই জয়ের মাধ্যমে দীর্ঘদিনের নকআউট হতাশা কাটিয়ে আবারও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে ফিরেছে স্পেন।


