সময়ের জনমাধ্যম

শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে মালয়েশিয়া আসলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও উপদেষ্টা

ছবি: সংগৃহীত

Last Updated on 3 hours by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার (০৮ এপ্রিল) কুয়ালালামপুর এসে পৌছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বিশেষ আলোচনায় মিলিত হবেন।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুসংহত করতে এবং জনশক্তি রফতানির ক্ষেত্রকে আরও গতিশীল করতেই সরকারি এই সফরের আয়োজন করা হয়েছে।

এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারের বিদ্যমান বিভিন্ন জটিলতা নিরসন করা। বিশেষ করে অভিবাসন ব্যয় কমানো, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বৈঠকে অগ্রাধিকার পাবে।

সরকারি আদেশ অনুযায়ী প্রতিনিধি দলটি নির্ধারিত চার দিন কুয়ালালামপুরে অবস্থান করে জনশক্তি খাতের নানা সংকট নিয়ে বিশদ আলোচনা করবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

২০২৪ সালের জুনে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশ দেয়ার পর জনশক্তি রফতানিতে যে স্থবিরতা তৈরি হয়েছিল, ২০২৫ সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আশ্বাসের প্রেক্ষিতে তা কাটতে শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে প্রায় ৮০০ বাংলাদেশি নির্মাণ শ্রমিক সফলভাবে মালয়েশিয়ায় কর্মসংস্থান লাভ করেছেন।

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে ৩ হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাইকৃত ২ হাজার কর্মীকে ১২ দিনের বিশেষ কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। স্বাস্থ্যগত ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে উত্তীর্ণ এই কর্মীদের নির্মাণ কাজের প্রাথমিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পর সরকারি সনদপত্র দেয়া হয়।

দক্ষ জনশক্তি প্রেরণের এই উদ্যোগের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং আগামীতে অধিক সংখ্যক কর্মীর কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

Reendex

Must see news