সময়ের জনমাধ্যম

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ । ফাইল ছবি: সংগৃহীত

Last Updated on 2 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে ঢাকার ১৮ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীনের আদালত এই রায় ঘোষণা করেন। আসামি ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

মামলায় অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

গত বছরের ২৮ মার্চ তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।