সময়ের জনমাধ্যম

ফসল তলিয়ে যাওয়ার শোক সইতে না পেরে কৃষকের মৃত্যু

নিহত কৃষক আক্তার হোসেন (ইনসেটে) । ছবি: সংগৃহীত

Last Updated on 2 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে পাকা ধানের জমি পানিতে তলিয়ে যেতে দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আক্তার হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার (২ মে) সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আক্তার হোসেন দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়ার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য মোছা. নাছিমা আক্তার জানান, জমির ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, আক্তার হোসেন প্রায় ৩ একর জমিতে বোরোধান আবাদ করেছিলেন। টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় তার অধিকাংশ ধান নষ্ট হয়ে যায়। কিছু ধান কাটা হলেও পরিবহন সমস্যার কারণে ঘরে তুলতে পারেননি।

স্বজনদের দাবি, প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করায় ধান নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিকেলে জমিতে গিয়ে পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে নতুন করে আরও ২ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

এ নিয়ে মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওড় এলাকায়।