সময়ের জনমাধ্যম

নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত্যু বেড়ে ৪৬৯, আবার ঝুঁকি তৈরি হয়েছে বন্যার

Last Updated on 2 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শত শত প্রাণহানি ঘটানো এই বিপর্যয়ে বেঁচে যাওয়া মানুষদের খোঁজে উদ্ধারকারীরা যখন তল্লাশি চালাচ্ছেন, ঠিক তখনই দেশটির উত্তরাঞ্চলে নতুন করে আরও বন্যার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নেপাল-তিব্বত সীমান্তের ভোটে কোশি নদীতে গতিপথ বাধাগ্রস্ত হয়ে একটি হ্রদ তৈরি হওয়ায় ভাটির অঞ্চলে আবার প্রবল বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই তথ্য নেপালের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে চীনের পক্ষ থেকে পাওয়া গেছে।

বুধবার তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভূমিধসের কারণে ভোটে কোশি নদীর উজানে হ্রদ তৈরি হয়। স্যাটেলাইট ছবি এবং প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এই জমা হওয়া পানির হ্রদ আকারে ক্রমাগত বড় হচ্ছে।

হ্রদটি যে কোনও মুহূর্তে সম্পূর্ণ ভেঙে গিয়ে নদীর নিম্নাঞ্চলে আবার তীব্র হড়পা বান নেমে আসতে পারে। এই ঝুঁকির মুখে ভাটি অঞ্চলের বাসিন্দাদেরকে নদীর তীর ও অন্যান্য বিপজ্জনক এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।