সময়ের জনমাধ্যম

টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা

Last Updated on 1 hour by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ভর্তুকি বা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

কারা টিসিবির ফ্যামিলি কার্ড পাবেন, তা নির্ধারণ করে নতুন নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী, হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের ব্যক্তি, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক, কারখানার শ্রমিক ও উপার্জনে অক্ষম ব্যক্তিরা টিসিবির কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন।

এ ছাড়া বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবার এবং যেসব দুস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছে, তারা বিশেষ অগ্রাধিকার পাবেন।

কার্ড পেতে আবেদনকারীকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। থাকতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত সচল মোবাইল নম্বর।

প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর এনআইডির তথ্যও দিতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি সুবিধাভোগী হতে পারবেন না।

টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার নিয়মিতভাবে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি পাবে। এর মধ্যে তেলের দাম প্রতি লিটার ১০০ টাকা, ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চিনি প্রতি কেজি ৭০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ সাপেক্ষে ৫ কেজি চালও দেওয়া হবে।

এদিকে, অনিয়ম ঠেকাতে ডিলারের দোকানে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপকারভোগীদের তথ্য ‘টিসিবি সেবা অ্যাপ’-এর মাধ্যমে কেন্দ্রীয় ডেটাবেইসে সংরক্ষণ করা হবে। রমজান ও ঈদুল আজহায় সাধারণ মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমেও পণ্য বিক্রি করবে টিসিবি।