সময়ের জনমাধ্যম

জমজমের পানি সরবরাহে দেরি, বরখাস্ত বিমানের দুই কর্মকর্তা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ

Last Updated on 23 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সৌদি আরব থেকে ফেরা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ফ্লাইটে থাকা ওমরাহ যাত্রীদের জমজমের পানি পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জমজমের পানি বহনকারী কনটেইনার নামানো এবং পরবর্তী পরিচালনা প্রক্রিয়ায় গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে তা সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান।

যাত্রীদের অপেক্ষার সময় কমাতে বিমান কর্তৃপক্ষ নিজেদের সংরক্ষিত জমজমের পানি দিয়ে তাৎক্ষণিকভাবে বিতরণ শুরু করে। পরবর্তী সময়ে আরেকটি কনটেইনারের অবস্থান শনাক্ত করা হলে সেটির পানিও যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলেছে, এ ধরনের পরিস্থিতি যাতে আবার না ঘটে, সে জন্য অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ ব্যবস্থার লক্ষ্য।

এদিকে, জমজমের পানি পেতে দেরি হওয়ায় ওই ফ্লাইটে থাকা কয়েকজন সংসদ সদস্য এর আগে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।

তাদের অভিযোগ, ঢাকায় নামার পর তিন ঘণ্টা পার হলেও তাদের ট্যাগ লাগানো জমজমের পানি হাতে পাননি।