Last Updated on 1 hour by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, দেশের মানুষ যেন নিরাপদে ঘুমাতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
রোববার (৪ অক্টোবর) রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। জনগণের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বা শাস্তি-শৃঙ্খলার ব্যবস্থাই দুর্বল নয়, বিভিন্ন প্রতিষ্ঠানও নানা সমস্যার মধ্যে রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার ভাষ্য, রাজধানীতে দিনের বেলায় এবং রাতেও বিভিন্ন ধরনের অপকর্মের ঘটনা ঘটছে। রাজধানী সরকারের প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।
একটি মেডিকেল সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় দুষ্কৃতিকারীদের সঙ্গে জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, একটি মেডিকেল সেন্টার ভেঙে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সেখানকার সম্পদ লুট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, একজনকে জনগণের চোখে ধুলো দেওয়ার উদ্দেশ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
জনগণকে কোনোভাবেই বোকা বা অন্ধ মনে না করার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, বর্তমানে কোনো ঘটনা দীর্ঘ সময় মানুষের কাছ থেকে গোপন রাখা সম্ভব নয়। মুহূর্তের মধ্যেই বিভিন্ন তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং জনগণ নিজেরাই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে কোনো বিষয় আড়াল করার সময় এখন নয়। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।


