Last Updated on 1 day by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ পর্যায়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই সংলাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে ভোট নেওয়া হবে। প্রতিটি ধাপের ভোটগ্রহণের জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন উপজেলার কোন ইউনিয়ন পরিষদে কোন পর্যায়ে ভোট নেওয়া হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে ইসি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

