Last Updated on 15 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ও বিদেশি কর্মী নিয়োগে অনিয়মের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
তিন দিন ধরে ৩৪টি কারখানায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, দেশব্যাপী এ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও অংশ নেন।
আটক বিদেশিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।
অভিযানের অন্যতম বড় ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় তল্লাশি চালিয়ে ১৩১ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সেখান থেকে ৭১ জন বিদেশি নাগরিককে আটক করেন কর্মকর্তারা।
এদিকে কারখানাগুলোতে বিদেশি কর্মী নিয়োগের বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় ৪২ জন নাগরিককে সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিদেশি শ্রমিক নিয়োগ, কর্মসংস্থান ও এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য এসব নোটিশ জারি করা হয়েছে।
অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে শ্রমিক নিয়োগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে। অভিযানের আওতায় শুধু অবৈধ কর্মীদের আটক নয়, তাদের নিয়োগ দেওয়া মালিকপক্ষ, আশ্রয়দাতা এবং সহযোগীদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিভাগটি আরও জানিয়েছে, বৈধ অনুমোদন ছাড়া বিদেশি কর্মী নিয়োগ কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। এসব অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


