Last Updated on 14 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিজেদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গজুড়ে সারিবদ্ধভাবে রাখা শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্র দেখা গেছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ডাবল লঞ্চারসহ বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি।
প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের প্রধান মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা গেছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই ভিডিওটি প্রকাশ করা হলো। এদিকে মধ্যপ্রাচ্যে পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।
আলজাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সারদার আতাসের ভাষ্য, এই ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে বার্তা দিতে চাইছে আইআরজিসি।
বাহিনীটির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও সেগুলো নিক্ষেপের সরঞ্জামের কোনো ঘাটতি নেই। নতুন করে যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক উপকরণ ব্যবহারের প্রস্তুতিও তাদের রয়েছে।
আতাসের মতে, ভিডিওটি সামরিক প্রচারণার অংশ হলেও এর লক্ষ্য কেবল নিজেদের শক্তি তুলে ধরা নয়। সম্ভাব্য প্রতিপক্ষকে ইরানের প্রতিরোধের সামর্থ্য সম্পর্কেও সতর্ক করতে চাইছে তেহরান।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে ইসরায়েলে হামলা চালানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও আঘাত হানে ইরান। একই সময়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়, যার রেশ এখনো রয়েছে।
যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও সংঘাত অবসানের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তান, কাতার ও তুরস্ক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এই সংঘাতের রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। সূত্র: আলজাজিরা


