Last Updated on 7 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে সোনার গয়নার দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আনাম র্যাংকস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ গয়না ও নগদ অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর সেই সুযোগে দোকানে ঢুকে গয়না লুট করে নিয়ে যায় চোরেরা।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, চুরি হওয়া গয়নার পরিমাণ প্রায় ২ হাজার ভরি। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও খোয়া গেছে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা গনমাধ্যমকে জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাঁদের মধ্যেই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
শপিং মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে অন্য চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল গনমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন পূরবী জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের কর্মী।
তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে রাতের বেলায় তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতিও ধরা পড়েছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে চোরদের দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

