সময়ের জনমাধ্যম

কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো

Last Updated on 2 hours by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমার্ধে কোনো গোল না হলেও গোলমুখে শটে এগিয়ে ছিল কানডা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

আজ্জেদিন উনাহির জোড়া গোলে ভর করে মরক্কো ৩-০ ব্যবধানে হারিয়েছে কানাডাকে। চলতি বিশ্বকাপে এই প্রথম স্বাগতিক দেশ গোল করতে পারলো না। স্বাগতিক হিসেবে সবার আগে বিদায়ও নিলো কানাডা।

হিউস্টনে ৫০ মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

৮২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোল করেন উনাহি। থ্রু বল পেয়ে ব্রাহিম দিয়াজ সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন আজ্জেদিন উনাহিকে। কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ওউনাহি।

এবারের আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করা খেলোয়াড় ছিলেন দুই জন, একজন লিওনেল মেসি অন্যজন ইসমাইল সাইবারি। কানাডার বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন সাইবারি। তার বদলে মাঠে নামেন সুফিয়ান রাহিমি।

কানাডার কফিনে শেষ পেরেকটি মারেন রাহিমি। ম্যাচের যোগকরা সময়ের শেষ দিকে গোল করে ব্যবধান ৩-০ করেন রাহিমি।