সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 46 seconds by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার কুয়ালালামপুরের আমপাং এলাকার মিকাসা হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’।

গত শনিবার (৯ অগাস্ট) সন্ধ্যায় ওয়ার্কার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ডব্লিউডব্লিউও) গ্লোবালের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডব্লিউডব্লিউও গ্লোবালের মালয়েশিয়া ডিরেক্টর অব ফ্যাসিলিটি মো. রমজান আলির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ড. আলমগীর আকাশ ও সুমাইয়া তাবাসসুম উষা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুলরহমান বিন মোহাম্মদ হুসাইন চেয়ারম্যন ইসলামিক চেম্বার ওব কমার্স মালয়েশিয়া, প্রধান বক্তা ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার হাজী শারুল আজহার ইসমাইল, জেপি, পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাম্বিয়া হাইকমিশনের প্রথম সচিব কেনেডি জুই, নিউক্যাসল ইউনিভার্সিটি, মালয়েশিয়ার মেডিসিন বিভাগের প্রফেসর ড. মনিরুদ্দিন চৌধুরী, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি ড. ফখরুল ইসলাম বাবু এবং ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার অ্যাডভাইজার দাতো সেরি ডিজুলকারনাইন তাইব।

ছবি: জাজিরা নিউজ

অনুষ্ঠানে উদ্যোক্তা ও নেতৃত্ব (Entrepreneurship and Leadership) ক্যাটাগরিতে মোট ২৫ জনকে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা বলেন, এ ধরনের সম্মাননা তাদের আগামী দিনের কর্মক্ষেত্রে আরও উৎসাহ, উদ্দীপনা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

বক্তারা বলেন, কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান একটি প্রাচীন ও প্রচলিত রীতি। বিভিন্ন ক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম, মেধা ও নিষ্ঠার মাধ্যমে সফলতা অর্জন করেন, তাদের কর্মের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার প্রদান করা হয়। এতে একদিকে যেমন বিজয়ীরা গর্বিত ও অনুপ্রাণিত হন, অন্যদিকে অন্যরাও সফলতার জন্য উৎসাহিত হন।

পুরস্কারপ্রাপ্তরা আয়োজকদের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে প্রবাসী শ্রমিক ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের কল্যাণে কার্যকর ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা আয়োজকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।