সময়ের জনমাধ্যম

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

Last Updated on 1 hour by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)।

শোকের দিন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করেছেন শিয়া মুসলিমরা।

কালো পোশাকে হাজারো মানুষের ‘হায় হোসেন হায় হোসেন’ মাতমে শুক্রবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল।

এই দিনে প্রতিবছর ইমামবাড়া থেকে বের হয় আশুরার প্রধান তাজিয়া মিছিল। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমণ্ডিতে প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে তা শেষ হয়।

সকাল থেকে পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু, নারী থেকে নানা বয়সের মানুষ ভিড় করেন মিছিলে অংশ নিতে। সে সময় কারও চোখে অশ্রু, কারও বুক চাপড়ানোর দৃশ্যে ফুটে ওঠে কারবালার বেদনার স্মৃতি। শোকের প্রতীক হিসেবে অধিকাংশের পরনে আছে কালো পোশাক। অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক।

জানা যায়, ইমামবাড়া থেকে যাত্রা করে মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, জিগাতলা হয়ে ধানমন্ডি লেকে যাবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হবে।

মিছিল শেষে বাদ জুমা হোসেনি দালানে ‘ফাকা শিকানি’ নামে পরিচিত শিরনি বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘সামে গারিবা’ নামে বিশেষ মজলিশ। এ সময় কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে ইমামবাড়ার আলো নিভিয়ে শোক পালন করা হবে।

হোসেনি দালান ছাড়াও রাজধানীতে প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়া রয়েছে। মহররম উপলক্ষে এসব ইমামবাড়াতেও পৃথক তাজিয়া মিছিল, মজলিশ ও অন্যান্য ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া ও মগবাজার ইমামবাড়ায়ও দিনব্যাপী কর্মসূচি রয়েছে।

তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে মিছিলের সামনে ও পেছনে সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।