Last Updated on 1 year by zajira news
শরীয়তপুর প্রতিনিধি, জাজিরা নিউজ: শস্যবিহীন খোলা মাঠে মুখোমুখি দুদল মানুষ। লাল রংয়ের সে বালতি থেকে কিছু বের করে ছুড়ে দিচ্ছেন প্রতিপক্ষের দিকে। কারো কারো মাথায় হেলমেট, আর হাতে ছোট বালতি।
সেগুলো বৃত্তাকার পথে উড়ে গিয়ে মাঠে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে। মুহুর্মুহু বিস্ফোরণে মাঠ ছেয়ে যাচ্ছে ধোঁয়ায়। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এমন দৃশ্য দেখা গেছে শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ছড়িয়ে পড়া ভিডিওতে।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের এ সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছে। সেখানে হেলমেট পরিহিত অনেকের হাতে বালতি দেখা যায়। সেসব বালতি থেকে হাতবোমা নিয়ে প্রতিপক্ষের দিকে নিক্ষেপ করা হচ্ছে। হাতবোমাগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মাঠজুড়ে ধোঁয়ার সৃষ্টি করছে।
এ বিষয়ে জানতে জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।


