সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বিসিপিএম’র উদ্যেগে স্বাধীনতা দিবস পালন

Last Updated on 25 mins by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাং এলাকায় একটি বাংলাদেশি রেস্তোরাঁর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও আলোচনা সভায় পবিত্র কোরআন তেলোওয়াত করেন আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভ।

সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম রতন বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশের বৈধ নাগরিকদের সেবা প্রদান করা প্রতিটি দূতাবাসের দায়িত্ব ও কর্তব্য। একজন বাংলাদেশি নাগরিকের প্রকৃত পরিচয় তার বাংলাদেশের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। অবস্থানরত দেশের ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাটাস তার মৌলিক পরিচয়ের নির্ধারক নয়, এটি সংশ্লিষ্ট দেশের অভিবাসন কর্তৃপক্ষের বিষয়। তাই দূতাবাসের প্রধান দায়িত্ব হওয়া উচিত নিজ দেশের নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, বিদেশি ভিসা যাচাই করা নয়।

তিনি বলেন, দ্বৈধভাবে বিদেশে আগত অনেক শ্রমিক কেন পরবর্তীতে আন্ডকুমেন্টেড হয়ে পড়েন এই বাস্তবতা সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এর ফলে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। দুঃখজনকভাবে, এই চক্রগুলো এখনো বহাল তবিয়তে থেকে পুনরায় শ্রমবাজারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে এখানে সক্রিয় দুর্নীতিগ্রস্ত দালাল ও সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে। একইসাথে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে যেমন জি-টু-জি (সরকার থেকে সরকার) বা অনুমোদিত অ্যাপসের মাধ্যমে শ্রমিক প্রেরণ ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। অগ্নিদগ্ধ প্রবাসী শর্মি আক্তার নাদীরাকে কেন এবং কোন আইনের ভিত্তিতে দূতাবাস সহযোগিতা করতে পারছে না এই বিষয়ে বাংলাদেশ প্রবাসী কল্যান মন্ত্রণালয়কে স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করতে হবে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, যুগ্ন-সাধারন সম্পাদক সাঈদ হক ও সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস।

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিটির নেতা ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ কাজী সালাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ রমজান আলী, যুবনেতা বাদল কারার, বিডিএফসি মালয়েশিয়া সভাপতি আবদুল মবিন ভুঁইয়া প্রমুখ।

আলোচনায় বক্তারা, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ’র প্রশংসার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপ সমূহের দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন । বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী নথিবিহীন প্রবাসীদের বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে বৈধতা প্রদানে ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, বিডিএফসি মালয়েশিয়া সহ-সভাপতি আলী আসগর মিলন, কমিউনিটির তরুন নেতা আসাদুজ্জামান মাসুম, প্রবাসী মোঃ মিজান, মোঃ বাদল মিয়া, পলাশ তালুকদার, হান্নান মল্লিকসহ আরো অনেকে।