Last Updated on 5 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান।
দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শত্রুপক্ষকে সতর্ক করে বলা হয়েছে, তাদের ‘আঙুল এখনো ট্রিগারে’ রয়েছে।
শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের ভিত্তিতে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে।
ইরান এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় বরাদ্দ করেছে, যা উভয় পক্ষের সম্মতিতে পরবর্তীতে বাড়ানো যেতে পারে।
ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনাকে যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই এক ধারাবাহিকতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল—সবাইকে এই প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রাখতে হবে, কারণ এটি সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দ ও রাষ্ট্রের সর্বোচ্চ মহলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
বিভেদ সৃষ্টিকারী যেকোনো ধরনের মন্তব্য না করার আহ্বান জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি আলোচনার মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর এই নতিস্বীকারকে একটি চূড়ান্ত রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া সম্ভব হয়, তবে আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সাফল্য উদ্যাপন করব।
আর তা না হলে, ইরানি জাতির প্রতিটি দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব। আমাদের হাত এখনো ট্রিগারেই আছে; শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই তার জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে।

