Last Updated on 35 mins by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাযাক সিটি রেসিডেন্সেস অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।
প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত ও বর্ণিল সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানটির আয়োজক ও উপস্থাপক ছিলেন আফরিন এন টপি এবং ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সুমাইয়া আখতার। বাংলাদেশি স্টুডেন্ট গ্রুপ মালয়েশিয়ার (বিএজিএম) সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় আয়োজনটি।
উৎসবে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকসহ প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষের বিপুল সমাগম। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী পোশাকে বৈশাখী আবহ—যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানস্থল জুড়ে ছিল আকর্ষণীয় বৈশাখী সাজসজ্জা ও মনোরম ফটো কর্নার। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে নতুন বছরকে বরণ করেন অংশগ্রহণকারীরা।
পুরো আয়োজনটি শুরু থেকে শেষ পর্যন্ত ‘জিভেন্টো ডট অ্যাপ’-এর মাধ্যমে পরিচালিত হয়। সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ার তথ্য প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিবন্ধন, ব্যবস্থাপনা ও সমন্বয়ের কাজ সম্পন্ন করেন।
তাদের উদ্ভাবিত এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠানটি আরও সুসংগঠিত ও কার্যকর হয়ে ওঠে—যা প্রযুক্তি ও সংস্কৃতির এক অনন্য সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও আন্তর্জাতিক মানের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অংশগ্রহণকারীদের প্রত্যাশা—এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি— সবার কণ্ঠে ছিল এই কামনা।

