Last Updated on 4 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট, ছবি, ভিডিও বা মন্তব্য শেয়ার করার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে অনলাইনে কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে বলা হয়েছে।
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে এ সতর্কবার্তা দেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় রোমানিয়ার বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এখন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব প্ল্যাটফর্মে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি কিংবা অন্য ধরনের জটিলতার কারণ হতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
কোনো পোস্ট বা তথ্য শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া কোনো কনটেন্টের মাধ্যমে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে—এমন বিষয় থেকেও দূরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে পারে। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা এবং ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে তথ্য যাচাই করে সচেতন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

