সময়ের জনমাধ্যম

চকবাজারে গোডাউনে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Last Updated on 2 days by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ; পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে লাগা আগুন মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ১১টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। দুই মিনিট পর ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ করলেও আগুন ছড়িয়ে পড়ায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য মজুত করা হয়। অধিকাংশ গোডাউনেই বিপুল পরিমাণ মালামাল ছিল।

স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বেরিয়ে যান। অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় ভেতরে ঢুকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। গোডাউনগুলোতে প্রচুর মালামাল থাকায় বাড়তে থাকে আগুনের তীব্রতা।